আইএসপিএবি: শনিবার ভোট, এগিয়ে টিম ফরওয়ার্ড
শনিবার সকালে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২১-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
ভোট গ্রহণের জন্য সেন্টারে স্থাপন করা হয়েছে ১০টি বুথ। এর মধ্যে ৫৫১ জন সহযোগী সদস্য ৬টি বুথে ভোট দিয়ে নির্বাচন করবেন কার্যনির্বাহী কমিটির ৯জন কার্য নির্বাহী কমিটির সদস্য।
ভোটারদের রায় পেতে এই ক্যাটাগরিতে প্রার্থী হয়েছেন ২০ জন। রায় পেতে জোট গড়ে ৯ জনের প্যানেল নিয়ে ভোটে লড়ছে টিম ফরওয়ার্ড। আর অসম্পূর্ণ সদস্য নিয়ে টিম জাগো নামে আরেকটি প্যানেল আছে ভোটের লড়াইয়ে। তবে অনলাইনে ১,৪,৫,১০,১১,১৪, ১৮,১৯ ও ২০ নং ব্যালেট নম্বর ঘুরছে আইএসপি সদস্যদের সোশ্যাল মিডিয়ায়।
অপরদিকে ৪টি বুথে ১০ জন প্রার্থীর মধ্যে ৪জনকে বেছে নেবেন ২০৬ জন ভোটার। সংখ্যায় ভোটার তুলসনামূলক কম হলেও প্রার্থী হিসেবে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে এই ভোটে।
এবারের নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো: নজরুল ইসলাম বাবু। আর তার সঙ্গে সহযোগী সদস্য হিসেবে আছেন জে এ এন অ্যাসোসিয়েটস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ এইচ কাফী এবং এক্সেল টেকনোলজিস লিমিটেড এর পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বীরেন্দ্র নাথ অধিকারী।
নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো: আবদুর রাজ্জাক, সামিয়া ট্রেডিং এর সত্ত্বাধিকারী ও এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন এবং ন্যাশনাল পিভিসি পাইপ প্রোডাক্ট সত্ত্বাধিকারী মোঃ আবুল খায়ের ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন।
বাণিজ্য সংগঠন বিধিমালা এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সংঘবিধি অনুসারে মোট ৩০ জন প্রার্থী হতে ২০২১-২০২৩ মেয়াদের জন্য ভোটের মাধ্যমে ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হবেন।
ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে ৪ জন, মোট ১৩ জন কে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্র্তীতে আগামী ১৩ ডিসেম্বর নির্বাচিত ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টনের নির্বাচন করবেন।